পাকিস্তানি সিরিজ ঘিরে নেটফ্লিক্সকে ভারতের সতর্কবার্তা

পাকিস্তানি সিরিজ ঘিরে নেটফ্লিক্সকে ভারতের সতর্কবার্তা
প্রিন্ট

পাকিস্তানি তারকাদের অভিনীত নতুন সিরিজ ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ নিয়ে বিতর্কের মধ্যে নেটফ্লিক্সকে আগের নির্দেশনা মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছে ভারত সরকার। ভারতীয় দর্শকদের জন্য পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার বন্ধ রাখার বিষয়ে ২০২৫ সালের মে মাসে জারি করা নির্দেশিকা অনুসরণের তাগিদ দিয়েছে দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বছরের ৮ মে ‘অপারেশন সিঁদুর’ চলাকালে পাকিস্তানি কনটেন্ট নিয়ে নির্দেশনা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। এতে ভারতীয় দর্শকদের জন্য পাকিস্তানের কোনো ধরনের কনটেন্ট সম্প্রচার না করার কথা বলা হয়। এর আওতায় সিনেমা, সিরিজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি তারকাদের অ্যাকাউন্ট নিয়েও পদক্ষেপ নেওয়া হয়েছিল।

নির্দেশনা জারির পর ২০২৫ সালের জুনে নেটফ্লিক্স মন্ত্রণালয়কে জানিয়েছিল, ভারতীয় গ্রাহকদের জন্য তাদের প্ল্যাটফর্মে পাকিস্তানের কোনো সিনেমা বা সিরিজ নেই। তবে সম্প্রতি ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ায় প্রতিষ্ঠানটিকে আগের অবস্থান বজায় রাখার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।
ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত রোম্যান্টিক ড্রামা সিরিজটি আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির কথা রয়েছে। এতে আরও অভিনয় করেছেন হানিয়া আমির, সনম সইদ, আহদ রাজা মীর, হামজা আলি আব্বাসি ও ইকরা আজিজ।
সিরিজটির ভারতীয় মুক্তি বন্ধের দাবিতে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনসহ (এআইসিডব্লিউএ) কয়েকটি সংগঠন সরব হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও পাঠানো হয়েছে।
২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা বাড়ে। এর প্রভাব পড়ে দুই দেশের বিনোদন অঙ্গনেও। নতুন সিরিজটির ভারতীয় মুক্তি নিয়ে তৈরি হওয়া বিতর্ক সেই উত্তেজনারই ধারাবাহিকতা।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-