দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ ও পরিচালক মিসকিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে আলোচনা। আসন্ন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’র সংবাদ সম্মেলনে কীর্তির প্রশংসা করার সময় তাঁর ঊরুর কাছাকাছি পরিচালকের হাত রাখার দৃশ্যটি ভাইরাল হয়। ভিডিওতে অভিনেত্রীর মুখভঙ্গি দেখে কয়েকজন ব্যবহারকারী তাঁর অস্বস্তির দাবি তুললে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কীর্তি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারীর মন্তব্যের জবাবে অভিনেত্রী জানান, মিসকিনের সঙ্গে তাঁর সম্পর্ক বাবা-মেয়ের মতো। তাই তাঁদের পারস্পরিক সম্পর্কের প্রেক্ষাপট না জেনে ভিডিওর কয়েক সেকেন্ড দেখে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।
ওই ব্যবহারকারীর প্রশ্ন ছিল, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেও বাস্তবে এমন স্পর্শে অস্বস্তি কেন হবে? জবাবে কীর্তি প্রশ্ন তোলেন, তাঁর মুখে অস্বস্তির ছাপ কোথায় দেখা গেছে। পাশাপাশি তিনি বলেন, সিনেমায় স্পর্শের দৃশ্য থাকলেই যে বাস্তব জীবনে প্রকাশ্যে এমন আচরণে স্বচ্ছন্দ থাকতে হবে, এমন ধারণা সঠিক নয়।
পরে ওই ব্যবহারকারী নিজের পোস্ট মুছে দুঃখ প্রকাশ করেন। তাঁর দাবি, কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না।
এদিকে রাধিকা আপ্তের সঙ্গে সাক্ষাৎকারে দক্ষিণ ভারতের মামা-ভাগ্নির বিয়ের রীতি নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন কীর্তি। তিনি জানান, কোনো সংস্কৃতিকে ছোট করা তাঁর উদ্দেশ্য ছিল না। বরং প্রচলিত একটি সামাজিক রীতি সম্পর্কে তথ্য তুলে ধরতেই তিনি মন্তব্যটি করেছিলেন।
উল্লেখ্য, কীর্তি ও মিসকিন অভিনীত কোর্টরুম ড্রামা ও হত্যাকাণ্ডনির্ভর সিনেমা ‘সত্যবান সাবিত্রী’ ২০ নভেম্বর মুক্তি পেয়েছে।

মন্তব্য
শেয়ার করুন-



























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।