শহীদ কাপুরের সঙ্গে ‘দেবা’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী আদিতি সন্ধ্যা শর্মা। বিশেষ করে সিনেমাটিতে একটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় কীভাবে তিনি স্বস্তি পেয়েছিলেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা জানিয়েছেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে আদিতি বলেন, শহীদের সঙ্গে তাঁর প্রথম শুটিংয়ের দৃশ্যটিই ছিল চুম্বন ও ঘনিষ্ঠতার। এ ধরনের দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা আগে না থাকায় স্বাভাবিকভাবেই কিছুটা নার্ভাস ছিলেন তিনি।
তবে সেটে গিয়ে শহীদ কাপুরের আচরণে স্বস্তি পান আদিতি। অভিনেতা তাঁকে আশ্বস্ত করে বলেন, সবকিছু ঠিক আছে এবং যেকোনো সময় অস্বস্তি বোধ করলে জানাতে। প্রয়োজনে শুটিং বন্ধ রাখার কথাও জানান তিনি।
আদিতি বলেন, দৃশ্যটির শুটিংয়ে সেটে উপস্থিত ছিলেন শুধু পরিচালক, চিত্রগ্রাহক, ইন্টিমেসি কো-অর্ডিনেটর, শহীদ ও তিনি। পুরো পরিবেশ ছিল স্বস্তিদায়ক। ফলে তাঁর কোনো অস্বস্তি হয়নি। বরং এমন পরিবেশে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংও স্বাভাবিকভাবে করা সম্ভব—বিষয়টি তাঁকে অবাক করেছিল।
অভিনেত্রীর মতে, এ ধরনের দৃশ্যের ক্ষেত্রে সহশিল্পীকে স্বস্তি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দৃশ্যের জড়তা কেটে যাওয়ার পর তাঁদের পরবর্তী কাজগুলোও সহজ হয়ে ওঠে।
এদিকে গত মাসে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘গজব রাত’ সিনেমায় আরিয়া সাহনি চরিত্রে অভিনয় করেছেন আদিতি। তাঁর ভাষ্য, ‘ফাইটার’ ও ‘দেবা’ সিনেমায় কাজের সুবাদে নতুন ছবির সেটেও অনেকে তাঁকে চিনেছেন। এতে তিনি বুঝেছেন, কোনো কাজই বৃথা যায় না। উল্লেখ্য, ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘দেবা’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

মন্তব্য
শেয়ার করুন-






























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।