শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুকে। তাঁর শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বামী নির্মাতা নুরুল আলম আতিক।
শনিবার সকালে হাসপাতালের কেবিনে থাকা অবস্থায় তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। নুরুল আলম আতিক জানান, অক্সিজেন স্যাচুরেশন কমলেও এখনো জ্ঞান রয়েছে তাঁর। তবে লাইফ সাপোর্টে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
চিকিৎসার ব্যয় বিবেচনায় তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের বিষয়টিও ভাবছেন পরিবারের সদস্যরা। আতিক জানান, বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালের ব্যয় তুলনামূলক বেশি। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় বিকল্প হাসপাতালের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এক বছরেরও বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যান্সার শনাক্ত হয়। এরপর থেকে তাঁর চিকিৎসা চলছিল।
দুই দশকের বেশি সময় ধরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত তিনি। মধ্যবিত্তের জীবনসংগ্রাম ও সামাজিক বাস্তবতা তাঁর কাজের অন্যতম বৈশিষ্ট্য। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এ ছাড়া ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’সহ একাধিক নাটক ও টেলিছবি রচনা ও পরিচালনা করেছেন এই নির্মাতা।

মন্তব্য
শেয়ার করুন-

























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।