যুক্তরাষ্ট্রের আকাশপথে হঠাৎ নেমে এসেছে অচলাবস্থা। বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে যোগাযোগব্যবস্থার ত্রুটির কারণে দেশজুড়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয় ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। চার ঘণ্টারও বেশি সময় পর শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে (স্থানীয় সময়) সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে উড্ডয়ন কার্যক্রম চালু হলেও ফ্লাইট বিলম্ব ও বাতিলের ভোগান্তি তখনো কাটেনি।
এফএএ জানায়, সাময়িক টেলিযোগাযোগ বিভ্রাটের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রাউন্ড স্টপ জারি করা হয়েছিল। এ ঘটনায় দেশটির ২২টি এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারই প্রভাবিত হয়। ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং চার হাজারের বেশি বাতিল হয়েছে।
স্বদেশ নিরাপত্তামন্ত্রী মার্কওয়েন মালিন জানান, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ওপর কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। পরিস্থিতি নিরাপদ রয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি অবহিত করা হয়েছে। সম্ভাব্য কারণ হিসেবে নতুন এআই প্রযুক্তির সংশ্লিষ্টতা খতিয়ে দেখার কথাও জানান তিনি।
অন্যদিকে, ব্লুমবার্গের এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, সাইবার হামলা বা অপরাধমূলক কর্মকাণ্ডকে এফবিআই প্রাথমিকভাবে দায়ী মনে করছে না। সফটওয়্যার আপডেটের কোনো ভূমিকা ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে।
ডেমোক্রেটিক সিনেটর ট্যামি ডাকওয়ার্থ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। পাইলট ও এফএএর সাবেক নিরাপত্তা দলের প্রতিনিধি কাইল বেইলির মতে, বিভ্রাটের প্রকৃত কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত উড়োজাহাজ মাটিতে রাখাই ছিল সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।

মন্তব্য
শেয়ার করুন-
























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।