ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব রাজনৈতিক নেতা আহমেদ তিবি। গত মাসের নির্বাচনে আরব প্রতিনিধিত্বকারী দলগুলোর উল্লেখযোগ্য সাফল্যের পর তার এই পদপ্রাপ্তি দেশটির রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে ইউনাইটেড আরব লিস্ট (রাআম) ও জয়েন্ট লিস্ট সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে। এর মধ্যে তিবির নেতৃত্বাধীন জয়েন্ট লিস্টের দখলে রয়েছে ১১টি আসন। নির্বাচিত হওয়ার পর তিবি বলেন, এই পদ জয়েন্ট লিস্টের প্রাপ্য অর্জন। কারণ, নির্বাচনে তারা ১১টি আসনে জয় পেয়েছেন।
তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তার নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে উসকানি সত্ত্বেও তারা সফল হননি বলে দাবি করেন তিবি। তিনি আরও জানান, নেসেটের সব কমিটিতে জয়েন্ট লিস্টের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
এদিকে, রোববার নেতানিয়াহু ও তার সহযোগীদের বিরুদ্ধে কথিত নির্বাচনী হস্তক্ষেপের ঘটনায় ফৌজদারি তদন্তের দাবি জানান তিবি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে আরব দলের কর্মীদের বাড়িতে পরোয়ানা ছাড়াই অভিযান ও গ্রেপ্তারের যে তথ্য সংবাদমাধ্যমে এসেছে, তা নিয়েই এ দাবি তোলেন তিনি। এক্সে দেওয়া পোস্টে তিবি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন, এমনকি নেতানিয়াহুও নন।
১৯৯৯ সালে প্রথম নেসেট সদস্য নির্বাচিত হন আহমেদ তিবি। এর আগে ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন।

মন্তব্য
শেয়ার করুন-

























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।