কয়েক দিন ধরে চলছিল বিয়ে নিয়ে নানা জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের বিয়ের খবর নিশ্চিত করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। পাত্র পেশায় মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্ত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঘনিষ্ঠজন ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে আইনি বিয়ে সম্পন্ন করেন তারা। পরে ইনস্টাগ্রামে বিয়ের একাধিক মুহূর্ত প্রকাশ করেন অভিনেত্রী। ছবিতে আংটি বদল, বিয়ের নথিতে স্বাক্ষর এবং একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্য দেখা যায়। তবে নবদম্পতি নিজেদের মুখ স্পষ্টভাবে প্রকাশ করেননি।
বিয়ের সাজেও ছিল ব্যতিক্রমী আয়োজন। প্রচলিত উজ্জ্বল রঙের পরিবর্তে অফ-হোয়াইট কারুকাজ করা পোশাক পরেছিলেন মিমি। অন্যদিকে সিদ্ধার্থের পরনে ছিল আইভরি রঙের পাঞ্জাবি। সোনালি জরি, মুক্তা ও পান্নার অলংকারে অভিনেত্রীর সাজে ফুটে ওঠে আভিজাত্য।
সিদ্ধার্থ বিনোদনজগতের কেউ নন। তবে তার পরিবারের সঙ্গে টালিউডের সম্পর্ক রয়েছে। তার বড় ভাইয়ের স্ত্রী অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য।
আইনি বিয়ের পর পোষ্য কুকুর চিকু জুনিয়রকে সঙ্গে নিয়েই বাড়ি ফেরেন মিমি। আগামী ৩ ডিসেম্বর কালিম্পংয়ে শুরু হবে প্রাক্-বিয়ের আয়োজন। ৫ ডিসেম্বর উত্তরবঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা এবং ১২ ডিসেম্বর কলকাতায় সহকর্মীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনা রয়েছে এই নবদম্পতির।

মন্তব্য
শেয়ার করুন-































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।