উন্নয়নের ‘মডেল রাজ্য’ হিসেবে পরিচিত ভারতের গুজরাটে নারী ও শিশুদের পুষ্টি পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে এক জাতীয় জরিপে। রাজ্যটির পাঁচ বছরের কম বয়সী অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে। একই সমস্যায় আক্রান্ত প্রজননক্ষম নারীদের প্রায় দুই-তৃতীয়াংশ। এ তথ্য সামনে আসার পর গুজরাটের উন্নয়ন মডেল নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল কংগ্রেস।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) সাম্প্রতিক জরিপে দেখা গেছে, গুজরাটে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৫৬ দশমিক ৫ শতাংশ এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের ৬৬ দশমিক ২ শতাংশ রক্তশূন্যতায় আক্রান্ত।
২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন পরিচালিত ‘সম্পদা’ জরিপে ভারতের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দুই লাখের বেশি মানুষের তথ্য সংগ্রহ করা হয়। বিশ্লেষণ করা হয় ১ লাখ ৭০ হাজারের বেশি রক্তের নমুনা।
জরিপের তথ্য তুলে ধরে কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্যের উন্নয়ন মডেল নিয়ে সমালোচনা করেছেন। তিনি জানান, কেরালায় শিশুদের রক্তশূন্যতার হার মাত্র ১৪ দশমিক ৫ শতাংশ। বিপরীতে গুজরাটে এই হার দেশের মধ্যে সর্বোচ্চ।
তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, শনাক্ত হওয়া অধিকাংশ ক্ষেত্রই মৃদু পর্যায়ের। দেশজুড়ে গুরুতর রক্তশূন্যতায় আক্রান্তের হার প্রায় সব বয়সী গোষ্ঠীতে ২ শতাংশের নিচে।
এর আগে চলতি বছরের মার্চে গুজরাট বিধানসভায় উপস্থাপিত সরকারি তথ্যে ২০ জেলায় ২ লাখ ৫ হাজার অপুষ্টিতে আক্রান্ত শিশুর সন্ধান পাওয়া যায়। তাদের মধ্যে প্রায় ১ লাখ ৬৯ হাজার শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম এবং ৩৬ হাজার ৮০৫ শিশু গুরুতর কম ওজনের শ্রেণিতে রয়েছে।

মন্তব্য
শেয়ার করুন-































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।