
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ট্রাম্প প্রশাসনের প্রায় ছয়জন সদস্য সামরিক আবাসনে বসবাস করছেন। অতীতের প্রশাসনগুলোর তুলনায় এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। ইরানের পক্ষ থেকে হামলার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক সহিংসতার হুমকি এ প্রবণতার অন্যতম কারণ।
সম্প্রতি ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট জর্জটাউনের বাড়ি ছেড়ে একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে উঠেছেন। এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানান, ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর আবাসন পরিবর্তন করতে হয়েছে। তাঁর দাবি, ইরানের নেতারা তাঁকে ও মন্ত্রিসভার অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছেন। তবে এসব হুমকিতে তিনি ভীত নন বলে জানান।
নিরাপত্তা উদ্বেগে সামরিক আবাসনে উঠেছেন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চও। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তাঁর স্ত্রী কেটি গত বছর ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে ফোর্ট ম্যাকনেইরে ওঠেন। তাঁদের পরিবারের বিরুদ্ধে অনুসরণ, ব্যক্তিগত তথ্য প্রকাশ ও হুমকির ঘটনা ঘটেছিল বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও একই ঘাঁটিতে থাকছেন। তবে তাঁর বাসভবন সংস্কারে সেনাবাহিনীর প্রায় ১ লাখ ৩৭ হাজার ডলার ব্যয়ের প্রস্তুতির খবর প্রকাশের পর সমালোচনা হয়।
এসব আবাসনে থাকতে কর্মকর্তাদের মাসে সাধারণত ৪ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হয়। সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সময় এ ব্যবস্থার আইনি ভিত্তি তৈরি হয়। পরে নিয়ম পরিবর্তন করে সামরিক বাহিনীর চার তারকা জেনারেল বা অ্যাডমিরালদের ভাড়ার তুলনায় মাত্র ৫ শতাংশ বেশি দিয়ে বেসামরিক কর্মকর্তাদের থাকার সুযোগ দেওয়া হয়।
তবে সামরিক আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বসবাস নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। নিরাপত্তা হুমকির যৌক্তিকতা এবং ভাড়া যথাযথভাবে পরিশোধ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তের দাবি উঠেছে। প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটি এ বিষয়ে পেন্টাগনের কাছে প্রতিবেদন চেয়েছে।
আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক থমাস কান মনে করেন, সামরিক ঘাঁটিতে বসবাসের ফলে সরকারি কর্মকর্তারা সাধারণ মানুষের জীবন থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। তাঁর মতে, নাগরিকদের সঙ্গে একই এলাকায় বসবাসের গণতান্ত্রিক ঐতিহ্য এতে ক্ষতিগ্রস্ত হতে পারে।


































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।