নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা
প্রিন্ট

রাজনৈতিক বৈরিতা আর সরকারি নিষেধাজ্ঞা—কোনোটিই থামাতে পারছে না ভারতীয় দর্শকদের পাকিস্তানি নাটকের প্রতি আগ্রহ। বরং নিষেধাজ্ঞার মধ্যেই জনপ্রিয়তা বাড়ছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এর। নাটকটির একটি ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করতে গিয়ে অবাক হন নয়াদিল্লির সাংস্কৃতিক উদ্যোক্তা আবু সুফিয়ান খান। মাত্র ৪৫ জনের জন্য আয়োজন করলেও অংশ নিতে আগ্রহ জানান ৭০০ জনের বেশি।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে ভারতীয় ভক্তরা নিয়মিত নাটকটির দৃশ্য ভাগাভাগি করছেন, পর্ব নিয়ে আলোচনা করছেন এবং প্রধান চরিত্র আবু বকরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। বেঙ্গালুরুতে দুটি প্রদর্শনীর আয়োজনও শেষ পর্যন্ত কর্তৃপক্ষের আপত্তিতে বাতিল হয়।

নাটকটির জনপ্রিয়তার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে এর গল্প, চরিত্র নির্মাণ ও সাংস্কৃতিক সাদৃশ্য। এক ভক্ত রাখশান্দা মুজিবের ভাষ্য, আবু বকরের সহমর্মিতা তাকে মুগ্ধ করেছে; সমসাময়িক পুরুষদের মধ্যে এমন গুণের অভাব অনুভব করেন তিনি।
এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জারজিস সেজা জানিয়েছেন, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শনের ৩০ থেকে ৩৫ শতাংশ আসে ভারত থেকে। তার মতে, কনটেন্ট দেখার পথ কঠিন করা সম্ভব হলেও দর্শকদের আগ্রহ পুরোপুরি বন্ধ করা যায় না।
২০২৫ সালের এপ্রিলে পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানি কনটেন্টের ওপর বিধিনিষেধ আরও জোরদার করে। তবে ভিপিএন, প্রক্সি ও অনলাইন শেয়ারিংয়ের মাধ্যমে দর্শকরা এসব অনুষ্ঠান দেখছেন। টপটেনভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে পাকিস্তানি কনটেন্ট সরানোর নির্দেশের দিন ভারতে ভিপিএন অনুসন্ধান বেড়েছিল ৭২ শতাংশ।
বিশ্লেষকদের মতে, দুই দেশের সাংস্কৃতিক মিল এবং ডিজিটাল প্রযুক্তির বিস্তার রাজনৈতিক বিভাজনের মধ্যেও মানুষের মধ্যে যোগাযোগের সুযোগ তৈরি করছে।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-