সার্বিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করে এবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে শিক্ষার্থীদের সমর্থনপুষ্ট আন্দোলন। দেশটির বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের রসায়ন অনুষদের অধ্যাপক রাদোমির সাইচিচকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছে আন্দোলনটির সমর্থক নাগরিক সংগঠন ‘স্টুডেন্টস উইন এগেইন’।
শুক্রবার রাজধানী বেলগ্রেডের সাভা সেন্টারে এক সংবাদ সম্মেলনে তাঁর প্রার্থিতা ঘোষণা করা হয়। এর আগে আগাম সংসদ নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের দলকে পরাজিত করেছিল শিক্ষার্থীদের সমর্থনপুষ্ট বিরোধী জোট।
প্রার্থিতা ঘোষণার পর সাইচিচ অভিযোগ করেন, গত এক দশকে ক্ষমতাসীন সরকার আইনের শাসন দুর্বল করেছে এবং দুর্নীতি ও বিদ্বেষমূলক বক্তব্যের বিস্তার ঘটিয়েছে। তাঁর দাবি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রায়ই ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষা করেছে। অন্যদিকে জবাবদিহির দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাষ্ট্রের শত্রু হিসেবে উপস্থাপন করা হয়েছে।
সাইচিচ দেশটির বিজ্ঞান ও শিল্পকলা একাডেমির পূর্ণ সদস্য এবং সংসদ সদস্য। গত ২৫ অক্টোবরের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
ওই নির্বাচনে ২৫০ আসনের সংসদে শিক্ষার্থীদের সমর্থনপুষ্ট বিরোধী জোট ১৪০টি আসন পায়। এতে ভুচিচের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি ও তাদের মিত্ররা পরাজিত হয়।
নির্বাচনি আইন অনুযায়ী, প্রেসিডেন্ট প্রার্থী হতে অন্তত ১০ হাজার ভোটারের যাচাই করা স্বাক্ষর প্রয়োজন। পাঁচ বছর মেয়াদি এ নির্বাচনে প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মন্তব্য
শেয়ার করুন-
































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।