পাকিস্তানের পক্ষ থেকে সন্ত্রাসবাদে সমর্থন ও মদত বন্ধ না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর মতে, দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ থাকলেও আলোচনার পরিবেশ তৈরিতে পাকিস্তানকে আগে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক অনানুষ্ঠানিক মতবিনিময়ে এ কথা বলেন তিনি। আলোচনায় খুশ নামে এক পাকিস্তানি শিক্ষার্থী জানতে চান, ভারত-পাকিস্তান সম্পর্কের দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে দুই দেশ কখনো আলোচনার টেবিলে বসতে পারবে কি না।
জবাবে রাহুল বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। তবে পাকিস্তানের সন্ত্রাসবাদে সমর্থন ও উৎসাহ বড় বাধা। নিরীহ মানুষের প্রাণহানি অব্যাহত থাকা অবস্থায় পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হলে আলোচনার পথ তৈরি হতে পারে।
জম্মু-কাশ্মীরে ধারাবাহিক হামলার পর থেকে ভারত-পাকিস্তানের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা স্থগিত রয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারও দীর্ঘদিন ধরে বলে আসছে, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না।
এদিকে, সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) একটি ফোরামে অংশ নিতে শুক্রবার নয়াদিল্লি পৌঁছেছেন পাকিস্তানের পরিবেশবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে দুই দেশের পক্ষ থেকেই জানানো হয়েছে, এটি এসসিওর নিয়মিত কার্যক্রমের অংশ; এর সঙ্গে দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনার কোনো সম্পর্ক নেই।
সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য
শেয়ার করুন-





























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।