স্তালিনের নির্যাতনের স্মৃতি মুছছে রাশিয়া

স্তালিনের নির্যাতনের স্মৃতি মুছছে রাশিয়া
প্রিন্ট

রাশিয়ায় সোভিয়েত শাসনামলে জোসেফ স্তালিনের গুলাগ শ্রমশিবিরে চালানো নির্যাতন ও হত্যাযজ্ঞের ইতিহাস ক্রমেই আড়াল করা হচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের আমলে একে একে সরানো হচ্ছে রাজনৈতিক বন্দিদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ও ফলক। বন্ধ হচ্ছে ইতিহাস সংরক্ষণে কাজ করা সংগঠন ও জাদুঘর।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১৯২০ থেকে ১৯৫০-এর দশক পর্যন্ত গুলাগে লাখ লাখ মানুষ বন্দি ছিলেন। অনাহার, রোগব্যাধি, তীব্র শীত ও অমানুষিক শ্রমে সেখানে প্রায় ১৫ লাখ বন্দির মৃত্যু হয়।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার অভিযান শুরুর পর স্তালিনের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা আরও জোরালো হয়েছে। আঞ্চলিক সংবাদমাধ্যম ৭এক্স৭-এর হিসাবে, ওই সময়ের পর থেকে অন্তত ২৬টি স্মৃতিচিহ্ন সরানো হয়েছে। গুলাগের ইতিহাস সংরক্ষণকারী সংগঠন মেমোরিয়ালও নিষিদ্ধ হয়েছে। সংগঠনটি ২০২২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল।
ভর্কুটার ইতিহাসবিদ আলেকসান্দর কলমাকভের মতে, রুশ সমাজ ক্রমেই বিভক্ত হচ্ছে। তাঁর আশঙ্কা, অতীতের নির্যাতনের ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে মানুষকে ভয় দেখানোর পুরোনো প্রবণতাই ফিরে আসছে।
অন্যদিকে, সালেখার্দের ইতিহাসবিদ জার্মান বারদিনের দাবি, সোভিয়েত উন্নয়নে বন্দিদের শ্রম প্রয়োজন ছিল। বিশ্লেষকদের আশঙ্কা, অতীতের নিপীড়ন আড়াল করে বর্তমান রাষ্ট্রীয় দমন-পীড়নকেও স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-