আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম উল্লেখের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান প্রশাসন। শুধু সরকারি কাগজপত্র নয়, চিকিৎসকের ব্যবস্থাপত্র ও হাসপাতালের নথিতেও নারীদের প্রকৃত নাম লেখা যাবে না। পরিবর্তে পরিচয় হিসেবে কোথাও ‘বিবি’, কোথাও ‘ছাগল’ কিংবা ‘গরু’ শব্দ ব্যবহার করা হচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নতুন নির্দেশনায় সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের নারীদের নাম ধরে সম্বোধন করতেও নিষেধ করা হয়েছে। আফগান অধিকারকর্মী লালা ওসমানির মতে, নারীদের নাম মুছে ফেলার মাধ্যমে তাদের ব্যক্তিসত্তা ও মানবিক মর্যাদা কেড়ে নেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, একজন মানুষের পরিচয় বিলুপ্ত করার প্রথম ধাপই হলো তার নাম কেড়ে নেওয়া।
এ নির্দেশনার স্বাস্থ্যগত প্রভাব নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। একই পরিচয়ে একাধিক নারীর চিকিৎসাসংক্রান্ত নথি তৈরি হলে রোগী শনাক্তে বিভ্রান্তি এবং ভুল চিকিৎসার ঝুঁকি বাড়তে পারে।
উল্লেখ্য, ২০১৭ সালে জন্মসনদসহ সরকারি নথিতে মায়ের নাম অন্তর্ভুক্তির দাবিতে ‘হোয়্যার ইজ মাই নেম’ প্রচারাভিযান শুরু করেন ওসমানি। এর ধারাবাহিকতায় ২০২০ সালে জন্মসনদে মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হয়েছিল।
তবে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণে নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
অধিকারকর্মীদের আশঙ্কা, বালখে জারি হওয়া এই নির্দেশনা ভবিষ্যতে পুরো আফগানিস্তানে ছড়িয়ে পড়তে পারে। তাদের মতে, এমন সিদ্ধান্ত নারীদের পরিচয়, অধিকার ও মৌলিক সেবা পাওয়ার পথ আরও সংকুচিত করবে।





























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।