চিত্রশিল্পী, চিত্রনাট্যকার, পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক মাতিয়া বানু শুকুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। তবে নির্মাতা অনিমেষ আইচের কাছে শুকুর পরিচয় কেবল একজন শিল্পী হিসেবে নয়; তিনি ছিলেন পরিবারের সদস্যের মতো, নিঃস্বার্থ মমতা আর ভালোবাসায় ঘেরা এক মানুষ।
সমকালে প্রকাশিত স্মৃতিচারণে অনিমেষ আইচ তুলে ধরেছেন শুকুর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক, শিল্পীজীবন ও ব্যক্তিগত স্মৃতির নানা অধ্যায়। চারুকলায় পরিচয়ের পর শান্তিনিকেতনে ডোকরা শিল্প নিয়ে পড়াশোনা করেন শুকু। পরে নির্মাতা নূরুল আলম আতিকের সঙ্গে সংসার শুরু করেন। তাঁদের ঘনিষ্ঠতা বাড়ার সঙ্গে সঙ্গে অনিমেষের কাছে তাঁদের বাড়িটি হয়ে ওঠে নিজের স্মৃতির ঠিকানা।
শিল্পচর্চায় বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন শুকু। নাটক ও টেলিভিশন কাজের চিত্রনাট্য লেখার পাশাপাশি ২০০৮ সালে এনটিভিতে প্রচারিত ‘টু লেট’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবেও যুক্ত ছিলেন তিনি। ছবিটি ২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের স্বীকৃতি পায়।
অনিমেষের স্মৃতিতে উঠে এসেছে, নিজের অনেক সৃজনশীল কাজেও শুকু কখনো অন্যের নামে কাজ করেছেন। সংসার ও সন্তানদের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের শিল্পীসত্তার অনেক আকাঙ্ক্ষাও পেছনে রেখেছেন।
ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও অন্যের খোঁজ নেওয়া থামাননি শুকু। অসুস্থ শরীরেও অনিমেষকে ফোন করে বাসায় দাওয়াত দিতেন, বলতেন—‘রাত হচ্ছে, বাসায় আয়।’ অনিমেষের কাছে এই সাধারণ আহ্বানই হয়ে উঠেছে তাঁর অসাধারণ ভালোবাসার স্মারক।
শুকুর মৃত্যুতে তাই শুধু একজন শিল্পীর প্রস্থান ঘটেনি; অনিমেষের ভাষায়, হারিয়ে গেছে এমন এক মানুষ, যাঁর মায়া ও স্মৃতি থেকে যাবে বহু মানুষের জীবনে।





























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।