পেশাদার রেসলিংয়ের পরিচিত মুখ ব্রনসন রিড আর নেই। ৩৮ বছর বয়সে মারা গেছেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) এই অস্ট্রেলীয় তারকা। শুক্রবার এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে রেসলিং সংস্থাটি। তাঁর প্রকৃত নাম জারমেইন হ্যালি।
ডব্লিউডব্লিউই জানিয়েছে, শারীরিক জটিলতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। বিবৃতিতে সংস্থাটি রিডকে অসাধারণ ব্যক্তিত্ব, পরিবারের প্রতি নিবেদিতপ্রাণ এবং সহকর্মীদের প্রিয় একজন মানুষ হিসেবে স্মরণ করেছে।
চলতি মাসের শুরুতে ডব্লিউডব্লিউইর ‘ক্রাউন জুয়েল’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় গুরুতর আহত হয়েছিলেন রিড। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় তাঁর কয়েকটি পাঁজরের হাড় ভেঙে যায় এবং কিডনিতে গুরুতর আঘাত লাগে। পরবর্তী চিকিৎসার জন্য তিনি সৌদি আরবেও অবস্থান করেন।
অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া এই রেসলার ২০১৯ সালে প্রথমবার ডব্লিউডব্লিউইতে যোগ দেন। ২০২১ সাল পর্যন্ত সেখানে কাজ করার পর এক বছর বিরতি দিয়ে আবার সংস্থাটিতে ফিরে আসেন। মৃত্যুর আগপর্যন্ত সেখানেই ছিলেন তিনি।
গত কয়েক মাসে মারা যাওয়া দ্বিতীয় পেশাদার রেসলার ব্রনসন রিড। এর আগে গত সেপ্টেম্বরে ৪০ বছর বয়সে মারা যান ইংল্যান্ডের রেসলার বেঞ্জামিন স্যাটারলি। তাঁর মৃত্যুর কারণও প্রকাশ করা হয়নি।
সূত্র: সিএনএন।









































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।