শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমার নতুন গান ‘ড্যাডি কুল’ প্রকাশের পর বলিউডজুড়ে শুরু হয়েছে আলোচনা। গানটিতে শাহরুখের সঙ্গে পর্দায় দেখা গেছে কারিনা কাপুরকে। দুজনের নাচ ও রসায়নে মুগ্ধ হয়েছেন বলিউডের তারকারাও। করণ জোহর, আলিয়া ভাট, ভূমি পেড়নেকর ও কারিশমা কাপুরসহ অনেকে সামাজিক মাধ্যমে প্রশংসা জানিয়েছেন।
গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে করণ জোহর লিখেছেন, ‘বিপজ্জনক! ব্লকবাস্টার! ভাইকে দারুণ আকর্ষণীয় লাগছে। বেবো একজন রানি। দুজনের রসায়ন দুর্দান্ত।’ আলিয়া ভাটের মন্তব্য, ‘উফফফ!’ ভূমি লিখেছেন, ‘ও মাই গড!’ আর কারিশমা জানিয়েছেন ভালোবাসা। সোনম কাপুর, মাহিপ কাপুর ও শানায়া কাপুরও প্রশংসা করেছেন।
গানের ভিডিওতে ডিস্কো আবহে শাহরুখের প্রবেশের পর কারিনাকে সঙ্গে নিয়ে নাচতে দেখা যায় তাঁকে। লাল জমকালো পোশাকে কারিনা এবং মরিচ রঙের চুলের সাজে শাহরুখ নজর কেড়েছেন।
১৯৭৬ সালে প্রকাশিত বনি এমের জনপ্রিয় ডিস্কো গান ‘ড্যাডি কুল’-এর বলিউড সংস্করণ এটি। নতুন সংস্করণে সুর দিয়েছেন শচীন-জিগর। কুমারের লেখা গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। নৃত্য পরিচালনায় ছিলেন বৈভবী মার্চেন্ট।
ইনস্টাগ্রামে গানটি প্রকাশ করে শাহরুখ লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও ফিরলাম… গানটি পুরোনো ধাঁচের, তবে এখনো কুল!’ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চনসহ অনেকে। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের।
সূত্র: এনডিটিভি



































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।