পশ্চিমবঙ্গের কলকাতায় তৃণমূল কংগ্রেসের নির্মাণাধীন একটি ভবন সিলগালা করেছে পুলিশ। শহরের তোপসিয়ায় দলটির পুরোনো কার্যালয়সংলগ্ন ছয়তলা ভবনটির সামনে বসানো হয়েছে তিন স্তরের লোহার ব্যারিকেড। পুলিশের নির্দেশনা অনুযায়ী, সেখানে শুধু নির্মাণকাজ চালানো যাবে; কোনো রাজনৈতিক সভা কিংবা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না।
শুক্রবার রাতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ভবনটিতে অভিযান চালিয়ে সিলগালা করেন। এর আগে ভবনটিতে দলীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি কলকাতা পুরসভার নজরে আসে। পরে পুরসভার অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানার পুলিশ ব্যবস্থা নেয়। বর্তমানে নিরাপত্তারক্ষী ও নির্মাণশ্রমিক ছাড়া অন্য কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুলিশের বাধায় একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকও বাতিল হয়েছে।
তৃণমূল নেতাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়া এবং সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত করতেই এ পদক্ষেপ। দলটির সংসদ সদস্য দোলা সেন দাবি করেছেন, ৩০ বছর ধরে জায়গাটি তাদের দলের সম্পত্তি এবং এর বৈধ কাগজপত্র রয়েছে।
অন্যদিকে পুলিশের ভাষ্য, ভবনটি ব্যবহারের জন্য কলকাতা পুরসভার প্রয়োজনীয় কমপ্লিশন সার্টিফিকেট (সিসি) পায়নি। নিরাপত্তার স্বার্থেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী কালীঘাট শিবির নতুন সাংগঠনিক সংকটে পড়েছে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর দলীয় বিভক্তির জেরে মেট্রোপলিটনের রাজ্য কার্যালয়ও তাদের নিয়ন্ত্রণে নেই। ফলে কলকাতায় দলীয় কার্যক্রম পরিচালনার জায়গা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।







































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।