
আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৬ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার ২৫৪। ইতোমধ্যে আটটি প্রদেশে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবা কার্যক্রমও নানা বাধার মুখে পড়েছে।
শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
চলতি বছরের ১৫ মে দেশটিতে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। এটি কঙ্গোর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সংক্রমণ। এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী বান্দিবুগিও প্রজাতির ভাইরাস। এই ধরনের ভাইরাসের বিরুদ্ধে এখনো অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই।
পূর্বাঞ্চলীয় ইতুরি ও উত্তর কিভু প্রদেশে সংক্রমণের প্রকোপ সবচেয়ে বেশি। দীর্ঘদিনের সশস্ত্র সংঘাতের কারণে এসব এলাকায় চিকিৎসাসেবা পৌঁছানো, রোগী শনাক্ত করা এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ কঠিন হয়ে পড়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অর্থসংকট, নিরাপত্তাহীনতা এবং চিকিৎসাকেন্দ্রের প্রতি মানুষের অনাস্থা পরিস্থিতিকে আরও জটিল করছে। অনেক রোগী দেরিতে হাসপাতালে আসছেন, কেউ কেউ চিকিৎসা নিতেও অনীহা দেখাচ্ছেন।
বর্তমানে ইবোলায় মৃত্যুর হার প্রায় ৪৯ শতাংশ। আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, আক্রান্তদের ৬০ শতাংশের বেশি চিকিৎসাকেন্দ্রের বাইরে মারা যাচ্ছেন। ফলে প্রকৃত সংক্রমণ ও মৃত্যুর হিসাব পাওয়া কঠিন হয়ে উঠেছে।
এদিকে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে রয়টার্স জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুটি এলাকায় সরকারি হিসাবে প্রকাশিত মৃত্যুর সংখ্যা প্রকৃত চিত্রের চেয়ে কম হতে পারে।
উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাবে ২৮ হাজার ৬০০ জনের বেশি আক্রান্ত এবং ১১ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিলেন। কঙ্গোর বর্তমান পরিস্থিতিও বিশ্বজুড়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।




































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।