
রোববার (২৯ নভেম্বর) বিরোধী গোষ্ঠী, উদ্ধারকর্মী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
প্রতিবেদন অনুযায়ী, ২৮ নভেম্বর পূর্বাঞ্চলীয় শান রাজ্যের পেখন এলাকার লে কিয়ি লোন গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতির সময় বিমান হামলা চালানো হয়। স্কুল ও বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরের কাছাকাছি ওই হামলায় অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন আহত হন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
একই দিন রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরের দুটি আবাসিক এলাকায় পৃথক হামলায় প্রাণ হারান অন্তত ২৪ জন। স্থানীয় উদ্ধারকর্মী ওয়াই হুন অং জানান, আহত হয়েছেন দুই ডজনের বেশি মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
এর আগে ২৬ নভেম্বর মাগওয়ে অঞ্চলের সিনবাউংওয়ে এলাকার ইন ইয়োন গ্রামে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে স্কুল ও বৌদ্ধ মঠসংলগ্ন স্থাপনায় হামলা হয়। জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) তথ্যমতে, এতে শিক্ষক ও শিশুসহ প্রায় ২০ জন বেসামরিক নাগরিক এবং প্রতিরোধ বাহিনীর নয় সদস্য নিহত হন। আহত হন আরও ২১ জন।
এনইউজির মুখপাত্র নে ফোন লাত জানিয়েছেন, হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা চলছে।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে বিরোধীদের নিয়ন্ত্রণাধীন এলাকা পুনর্দখলে জান্তা বাহিনী বিমান হামলা ও স্থল অভিযান বাড়িয়েছে। তবে সর্বশেষ হামলাগুলো নিয়ে সামরিক সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।




































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।