সিলেটে একই দিনে বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালিকের বাসায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় একই আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি মোটরসাইকেলে করে আসা একদল ব্যক্তি সাবেক সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর চালায় এবং সামনের আসবাবপত্রে আগুন দেয়। বাড়ির লোকজনের চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ স্থানীয়রা ফেলে যাওয়া ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
এর আগে ভোররাতে দক্ষিণ সুরমার তেতলী এলাকায় এম এ মালিকের বাড়ির টিনের চালে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাড়ির একটি অংশে আগুন ধরে যায়। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সময় সংসদ সদস্য ও তাঁর স্ত্রী বাড়িতেই ছিলেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় জড়িত থাকার ধারণা করছে পুলিশ। ঘটনাগুলো তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।







































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।