যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির হাতিয়ারে পরিণত না হতে ইরাককে সতর্ক করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার বাগদাদকে সীমান্ত পরিস্থিতিতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেন মোখবার। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন স্বার্থ ও ভাগ্য ভাগাভাগি করাকে ইরানের পররাষ্ট্রনীতির মৌলিক নীতি হিসেবে বিবেচনা করা হয়। কঠিন সময়েও ইরান সর্বশক্তি দিয়ে ইরাকের জনগণের পাশে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মোখবারের ভাষ্য, দুই দেশের গভীর সম্পর্কের কারণে সীমান্তসংক্রান্ত বিষয়ে বাগদাদকে সতর্ক থাকতে হবে। ইরাক যেন ইসলামের শত্রুদের হাতিয়ার কিংবা ট্রাম্পের নীতি বাস্তবায়নের মাধ্যম হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
এর আগে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির প্রশংসা করেন ট্রাম্প। ইরাক থেকে তেল চোরাচালান বন্ধ, দুর্নীতি নির্মূল এবং সব অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার উদ্যোগের জন্য ইরাকি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরপরই মোখবারের এই সতর্কবার্তা সামনে এল।
উল্লেখ্য, গত বুধবার সিরিয়া ও ইরানের সঙ্গে থাকা দুটি সীমান্তপথ বন্ধ করে দেয় ইরাকের সীমান্তরক্ষী বাহিনী।
সূত্র: আল-জাজিরা






































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।