
ভূমিকম্পের সময় স্ত্রীকে বিপদে ফেলে নিজে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যান স্বামী। ঘটনাটি এতটাই মর্মাহত করে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক নারীকে যে, শেষ পর্যন্ত তিনি স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
ইভান অ্যালেক্সিস অলিভার নামের ওই নারী সম্প্রতি টিকটকে একটি ভিডিও প্রকাশ করে নিজের অভিজ্ঞতার কথা জানান। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ভিডিওতে অলিভার জানান, একদিন স্বামীর সঙ্গে একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ ভূমিকম্প শুরু হয়। তখন আশপাশের লোকজন নিজেদের সঙ্গীদের নিরাপদ আশ্রয়ে যেতে সাহায্য করছিলেন। কিন্তু তার স্বামী টেবিল থেকে লাফিয়ে উঠে তাকে রেখেই দৌড়ে পালিয়ে যান। পরে তিনি দেখেন, স্বামী তার ঠিক বিপরীত পাশে গিয়ে আশ্রয় নিয়েছেন।
ভূমিকম্পে কেউ আহত না হলেও স্বামীর এমন আচরণ তাকে গভীরভাবে হতাশ করে। রেস্তোরাঁর এক কর্মীও বিষয়টি অস্বাভাবিক মনে করে তার কাছে এসে খোঁজ নেন। ওই কর্মী মন্তব্য করেন, স্বামী তাকে একা ফেলে চলে যাওয়াটা বেশ অদ্ভুত ছিল।
অলিভারের ভাষ্য, ওই মুহূর্তেই তিনি বুঝতে পারেন, স্বামীর কাছে তার নিরাপত্তার গুরুত্ব কতটা কম। ঘটনাটি ছিল তার জন্য বিব্রতকর ও অবিশ্বাস্য।
ভিডিওটি প্রকাশের পর অনেকেই মন্তব্যে নিজেদের দাম্পত্য জীবনের এমন অভিজ্ঞতা তুলে ধরেছেন। একজন পার্স খোঁজার সময় স্বামীর উদাসীনতার কথা জানান। আরেক নারী কার্বন মনোক্সাইড অ্যালার্ম বাজার পর সাবেক স্বামীর তাকে ফেলে পালিয়ে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন।




































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।