ভারতের কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শনিবার সকালে টানা ৬২ দিন ধরে চলা শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির অস্থায়ী মঞ্চ উচ্ছেদ করতে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সকাল ৬টা থেকে ৭টার মধ্যে বিপুলসংখ্যক পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় কয়েকজন বহিরাগত ব্যক্তি ধর্নামঞ্চ ভাঙতে গেলে শিক্ষার্থীরা বাধা দেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। উচ্ছেদ ঠেকাতে কয়েকজন শিক্ষার্থী পিকআপ ভ্যানের সামনে শুয়ে পড়লেও পুলিশ তাদের সরিয়ে দেয়। এ ছাড়া ঘটনার ভিডিও ধারণের সময় কয়েকজনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
তবে পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ এবং ইনস্টিটিউট কর্তৃপক্ষের অনুরোধে অবৈধভাবে নির্মিত কাঠামোটি সরানো হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য, ক্যাম্পাসে অনৈতিক কর্মকাণ্ড, মাদক ও মদ্যপানের আসর বসার কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল।
গত ২৭ সেপ্টেম্বর ক্যাম্পাসে বহিরাগতদের হামলার অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরে উপাচার্য সন্তোষ আজমেরার পদত্যাগ, শৃঙ্খলাভঙ্গের নোটিশ প্রত্যাহার এবং ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহারের দাবিতে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন। শনিবারের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সেই আন্দোলনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।


































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।