স্বামী বীর সাহুর সঙ্গে দাম্পত্য সম্পর্কে ইতি টানার সিদ্ধান্তের পর এবার কবজি থেকে তাঁর নামের ট্যাটু মুছে ফেলছেন হরিয়ানভি মডেল ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে লেজার চিকিৎসার মাধ্যমে ট্যাটু অপসারণ করতে দেখা যায় তাঁকে। এ নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
ছয় বছরের দাম্পত্য জীবনের অবসানের সিদ্ধান্ত জানানোর কয়েক দিন পর ভিডিওটি সামনে আসে। এর আগে বিচ্ছেদের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছিলেন স্বপ্না। বীর সাহুর সঙ্গে তাঁর দুই সন্তান রয়েছে।
এনএমএফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদের কারণ প্রসঙ্গে স্বপ্না জানান, বিষয়টি কেবল তিনি ও বীরই জানেন। সম্পর্ক ভালো থাকাকালে তাঁরা একসঙ্গে থাকার চেষ্টা করেছেন। তবে একপর্যায়ে দুজনই আলাদা হওয়ার সিদ্ধান্তে পৌঁছান।
সাক্ষাৎকারে ভালোবাসা নিয়েও নিজের ভাবনা জানান এই শিল্পী। তাঁর মতে, ভালোবাসা কেবল শারীরিক বিষয় নয়; এর সঙ্গে আত্মিক সম্পর্ক ও আবেগ জড়িয়ে থাকে। তিনি বলেন, পুরুষেরা তুলনামূলক বাস্তববাদী হলেও নারীরা অনেক সময় আবেগের বশে সিদ্ধান্ত নেন।
২০২০ সালের জানুয়ারিতে ঘরোয়া আয়োজনে বীর সাহুকে বিয়ে করেন স্বপ্না। প্রথম সন্তানের জন্মের পর তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। গান ও নাচের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া স্বপ্না ‘বিগ বস’-এর ১১তম মৌসুমে অংশ নিয়েও পরিচিতি পান।
সূত্র: এনডিটিভি






































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।