দুই যুগের বেশি সময় ধরে টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন সুমাইয়া শিমু। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটকে কাজ করলেও এত দিন বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। অবশেষে ‘যাত্রা বিরতি’ সিনেমার মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন মোশাররফ করিম।
সমকালকে সুমাইয়া শিমু জানান, সিনেমায় অভিনয়ের প্রস্তাব আগেও পেয়েছিলেন। তবে কখনো গল্প, কখনো অন্য কারণে সেসব কাজে যুক্ত হওয়া হয়নি। ‘যাত্রা বিরতি’র চিত্রনাট্য পড়ার পর গল্প ও চরিত্র—দুটিই তাঁর ভালো লাগে। তাই এবার আর প্রস্তাব ফিরিয়ে দেননি।
অভিনেত্রীর ভাষ্য, কাজের ক্ষেত্রে তাঁর কাছে গল্পই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু অভিনয়ের প্রস্তাব পেলেই কাজ করতে চান না তিনি। গল্প তাঁকে কতটা আকৃষ্ট করছে এবং চরিত্রে অভিনয়ের সুযোগ কেমন, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেন।
কাজী আসাদ পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হয়েছে ১৯ নভেম্বর। বর্তমানে বরিশালে শুটিং করছেন সুমাইয়া শিমু। সেখান থেকে শিল্পীরা যাবেন কুয়াকাটায়। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত টানা শুটিং চলার কথা রয়েছে।
সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, এটি খুব সাধারণ একজন মানুষের চরিত্র, যার বৈশিষ্ট্য দর্শক নিজেদের পরিবার বা পরিচিতজনদের মধ্যে খুঁজে পেতে পারেন। পরিচিত এমন একজন মানুষকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ।

































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।