কানাডার কুইবেক প্রদেশে নির্দিষ্ট সরকারি পদে দায়িত্ব পালনের সময় হিজাব, পাগড়িসহ দৃশ্যমান ধর্মীয় প্রতীক ব্যবহারের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার দেওয়া রায়ে ২০১৯ সালে প্রণীত বিতর্কিত ‘বিল ২১’-এর অধিকাংশ বিধানকে বৈধ ঘোষণা করেছেন আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা। দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের পর এ সিদ্ধান্ত কানাডায় ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে।
আইন অনুযায়ী, সরকারি স্কুলের শিক্ষক, পুলিশ কর্মকর্তা, বিচারক ও সরকারি আইনজীবীসহ নির্দিষ্ট পেশার ব্যক্তিরা দায়িত্ব পালনের সময় হিজাব, শিখদের পাগড়ি, ইহুদিদের কিপ্পা কিংবা খ্রিষ্টানদের ক্রুশচিহ্ন পরতে পারবেন না।
কুইবেক সরকারের যুক্তি, রাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের পোশাকে ধর্মীয় পরিচয়ের প্রকাশ সীমিত করা প্রয়োজন। তবে আইনটির বিরোধীদের দাবি, ধর্মীয় পোশাক কোনো ব্যক্তির পেশাগত দক্ষতা বা দায়িত্ব পালনের সক্ষমতায় বাধা সৃষ্টি করে না। বরং এর ফলে বিশেষ করে ধর্মীয় পরিচয় বহনকারী নারীরা সরকারি চাকরিতে বৈষম্যের শিকার হচ্ছেন।
রায়ে সংবিধানের ৩৩ নম্বর ধারায় কুইবেক সরকারের বিশেষ ক্ষমতা প্রয়োগের বৈধতাও স্বীকৃতি পেয়েছে। তবে জাতীয় পরিষদের সদস্যদের ধর্মীয় কারণে মুখ ঢেকে অধিবেশনে অংশগ্রহণে নিষেধাজ্ঞাকে গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলেছেন বিচারপতিরা।
রায়ের পর কুইবেকের প্রিমিয়ার পল সেন্ট-পিয়ের প্লামন্ডন সিদ্ধান্তকে ধর্মনিরপেক্ষতার বিজয় হিসেবে স্বাগত জানিয়েছেন। বিপরীতে ম্যানিটোবার প্রিমিয়ার ওয়াব কিনিউ একে বৈষম্যমূলক বলে সমালোচনা করেছেন।
এদিকে প্রধানমন্ত্রী মার্ক কার্নি আদালতের স্বাধীনতা ও রায়ের প্রতি সম্মান জানানোর পাশাপাশি নাগরিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। নিষেধাজ্ঞার বিরোধীরা জানিয়েছেন, আইনটি বাতিলের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।