ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ছাড়তে প্রস্তুত। তবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর বিনিময়ে নতুন সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভবিষ্যতে আবারও সরকারপ্রধান হওয়ার সুযোগ চান তিনি। দেশটির রাজনৈতিক অচলাবস্থা কাটাতে প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির এমন প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু।
প্রস্তাব অনুযায়ী, নতুন সরকারের মেয়াদের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আইজেনকট। আর নেতানিয়াহু থাকবেন বিকল্প প্রধানমন্ত্রীর ভূমিকায়। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পরিকল্পনাও রয়েছে এতে।
শনিবার (২৮ নভেম্বর) নেতানিয়াহু বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া জরুরি। জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে নতুন সরকারে নিজের অবস্থান পরিবর্তন করতেও তিনি প্রস্তুত।
নেতানিয়াহুর প্রস্তাব নিয়ে আলোচনায় আগ্রহ দেখিয়েছেন আইজেনকট। তবে বিকল্প জোট গঠনের প্রচেষ্টাও চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে বিরোধী জোটের নেতারা প্রস্তাবটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, ক্ষমতা ধরে রাখার কৌশল হিসেবেই এমন উদ্যোগ নিয়েছেন নেতানিয়াহু। বিরোধী নেতা ইয়ার লাপিদ একে প্রতারণা বলে আখ্যা দিয়েছেন।
গত মাসের নির্বাচনে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হয়। নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসনের সমর্থন। নেতানিয়াহুবিহীন সরকার গঠনে আইজেনকটকে কয়েকটি আরব ও অন্যান্য দলের সমর্থন নিতে হতে পারে।
সূত্র: স্কাই নিউজ

মন্তব্য
শেয়ার করুন-








































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।